সারাদেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসন যত দ্রুত জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় কাজে সহযোগিতা করবে, তত দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন উপজেলার মতো টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলাতেও মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের চার হাজার ৫৯৩টি ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইলফোনসহ বিভিন্ন ধরনের আসক্তি থেকে শিশু ও তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক ও মৌলিক পরিবর্তন আনা সম্ভব। তাই দেশের প্রতিটি এলাকায় খেলাধুলার অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় গোপালপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। প্রায় দুই যুগ পর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এ ফুটবল ম্যাচ উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হন। আয়োজকদের দাবি, অন্তত লক্ষাধিক দর্শক মাঠে ও আশপাশের এলাকায় খেলা উপভোগ করেন।