অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আনুমানিক দুপুর ১২টার দিকে এ ভাষণ প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।