লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নামাজ শেষে দেশবাসীর সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার সকালে সোনামিয়া ঈদগা মাঠ-এ ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সরকার গঠনের পর এক মাস অতিক্রম হয়েছে এবং এ সময়ের মধ্যে সরকারের কার্যক্রম ইতোমধ্যে দেশবাসীর সামনে দৃশ্যমান হয়েছে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের মানুষ যে সহযোগিতা ও আন্তরিকতা দেখাচ্ছেন, তা অব্যাহত থাকলে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
মন্ত্রী আরও বলেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ঈদের নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।