লক্ষ্মীপুর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে গ্যাস পাইপলাইন স্থানান্তর ও জরুরি সংস্কার কাজের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) জানিয়েছে, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের আওতায় চলমান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে এ কাজ পরিচালনা করা হচ্ছে।
বিজিডিসিএল সূত্রে জানা যায়, পুরাতন ও ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপলাইনের পরিবর্তে নতুন পাইপলাইন স্থাপনের মাধ্যমে নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে চর-আলেকজান্ডার রোড পর্যন্ত এবং দক্ষিণ তেমুহনী থেকে উত্তর তেমুহনী পর্যন্ত বিভিন্ন সাইজের গ্যাস পাইপলাইনে জরুরি হুক-আপ ও কমিশনিং কাজ করা হবে।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ওইসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।