লক্ষ্মীপুর পৌরসেবার মান নিয়ে ক্ষোভ এ্যানির

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনভাবে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা সত্ত্বেও জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ, রাস্তা সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দৃশ্যমান নয়। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিনের দাবির পর মাত্র এক মাসের মধ্যে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলেই চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। একসময় এটি বাস্তবায়ন অসম্ভব মনে হলেও এখন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। পাশাপাশি জেলায় নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ অনুমোদন এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যারা দুর্নীতির সঙ্গে জড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফসহ জেলার বিভিন্ন শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত