লক্ষ্মীপুর পৌরসভা লাইব্রেরির উদ্যোগে বই পড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত বই পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত বই পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: দৈনিক নতুনচাঁদ

“আলোকিত মানুষের প্রত্যাশায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভা লাইব্রেরির উদ্যোগে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত বই পাঠ শেষে একটি নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের দুটি গ্রুপে মূল্যায়ন করা হয়। একটি গ্রুপ ছিল মাধ্যমিক পর্যায় এবং অন্যটি উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়। উভয় গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ছয়জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট, ক্রেস্ট, বই এবং যথাক্রমে ৮ হাজার টাকা, ৫ হাজার টাকা ও ৩ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রথম ১০ জন শিক্ষার্থীকে উৎসাহব্যঞ্জক পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তাদের বই পড়ার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই ভবিষ্যতে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ও আড়ম্বরপূর্ণ পরিবেশে পুরো আয়োজনটি সম্পন্ন হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করা এবং সৃজনশীল ও মননশীল মানুষ গড়ে তুলতেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

সম্পর্কিত