লক্ষ্মীপুর পৌরসভার ইতিহাসে প্রথমবার কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীরা অফিস ব্যবস্থাপনায় পারদর্শিতা বৃদ্ধি করবে এবং নাগরিক সেবার মান উন্নয়ন হবে।
প্রশিক্ষণের প্রথম ব্যাচে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন। পর্যায়ক্রমে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
সম্মানিত জেলা প্রশাসক, লক্ষ্মীপুর জনাব এস এম মেহেদী হাসান প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোঃ জসীম উদ্দিন ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং নাগরিক সেবায় আরও উদ্ভাবনী ও কার্যকরী মনোভাব তৈরি করবে।”