ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন দল ও নেতৃত্বকে মানুষ দেখেছে। সময়ের পরীক্ষায় সবচেয়ে বেশি মানুষের পাশে থেকেছে বিএনপি। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এ্যানি বলেন, “স্বাধীনতার সময় জামায়াতকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছেন। এরশাদ ও আওয়ামী লীগকেও দেখেছেন। আজ মানুষের আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে তারেক রহমানের প্রতি। এর মধ্যে সবচেয়ে বেশি বিএনপি জনগণের পাশে ছিল।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াত মুক্তিযুদ্ধের সময় দেশের বিরোধিতা করেছে। পাক হানাদার বাহিনীকে এলাকার বাড়িঘরের অবস্থান দেখিয়ে তারা দেশের সঙ্গে শত্রুতা করেছিল। সেই কারণে আজ তারাই বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রেক্ষাপটে একটি নির্বাচিত সরকার এবং একজন ভালো জনপ্রতিনিধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ্যানি বলেন, “এখন সবচেয়ে বেশি দরকার একটি ভালো সরকার, যারা জনগণের কথা বলবে এবং মানুষের অধিকার নিশ্চিত করবে।”
গণসংযোগকালে পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।