কমলনগরে নিখোঁজের চার দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর মো. নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বর হাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি বল্কের নিচে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত নুরুল আলম কমলনগর উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বাসিন্দা বশির আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নুরুল আলম নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় কমলনগর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, নুরুল আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত