লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশায় বাড়ি ফেরার পথে এক তরুণীর মুখে স্প্রে ছিটিয়ে অচেতন করার পর তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের দুই দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, ওই তরুণী স্থানীয় করুণানগর বাজারের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই চরফলকন এলাকার ফরিদ আহাম্মদের ছেলে রবিন মুঠোফোনে ওই তরুণীকে উত্ত্যক্ত করেন।
পরদিন ২৮ জুলাই সন্ধ্যায় কর্মস্থল থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে রবিন ও রাকিব নামে দুই ব্যক্তি তার মুখে স্প্রে ছিটিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তরুণী অচেতন হয়ে পড়লে তাকে হাজিরহাট ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তরুণীর অভিযোগ, সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে জ্ঞান ফিরলে তিনি রবিন ও রাকিব ছাড়াও আরও চার যুবককে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি প্রকাশ করলে ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর তরুণীর পরিবার থানায় মামলা দায়ের করে। তবে মামলা হওয়ার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।