লক্ষ্মীপুরে মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ, বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিরল আকৃতির হিলা মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় মাতাব্বরহাট মৎস্যঘাটে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

রোববার (২ আগস্ট) সকালে বিশাল আকৃতির মাছটি মাতাব্বরহাট মৎস্যঘাটে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় জেলে ও বাসিন্দাদের ভাষ্য, মেঘনা নদীতে সাধারণত হিলা মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ সচরাচর দেখা যায় না।

বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অনেককে মাছটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে দেখা গেছে।

উন্মুক্ত নিলামে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় আলী মাঝী। তিনি জানান, বাজারে সাধারণত এত বড় আকারের হিলা মাছ পাওয়া যায় না। বিরল আকৃতির হওয়ায় বাড়তি আগ্রহ নিয়ে নিলামে মাছটি কিনেছেন তিনি।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজননের অনুকূল পরিবেশ থাকার কারণেই এমন বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে। সরকারি প্রজনন নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট নিয়মকানুন যথাযথভাবে মেনে চললে ভবিষ্যতে মেঘনা নদীতে আরও বড় আকারের মাছ পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত