ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সব গুরুত্বপূর্ণ শর্তেই সম্মত হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইরান এখন এমন অনেক কিছু করতে রাজি হয়েছে, যেগুলো তারা আগে কখনো মেনে নেয়নি।” এই অগ্রগতির ফলে দুই দেশের মধ্যে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, যদি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয় এবং তা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তাহলে তিনি নিজেও সেখানে যেতে পারেন।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই একটি চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। সে ক্ষেত্রে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠকটি চলতি সপ্তাহান্তেই অনুষ্ঠিত হতে পারে বলেও জানান ট্রাম্প।
তবে সতর্ক করে তিনি বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে পুনরায় সংঘাত শুরু হতে পারে।
ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরভাবে বজায় রয়েছে, যা ইরানের ওপর চাপ সৃষ্টি করছে।