থালাপতি বিজয়ের বড় জয়ের পর প্রথম প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
 ছবি: থালাপতি বিজয়।
ছবি: থালাপতি বিজয়।

অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপতি বিজয় ২০২৬ সালের নির্বাচনে বড় জয়ের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বচ্ছতা, যুবসমাজের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিজ দলের তামিলাগা ভেত্রি কাজগামের সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজয় বলেন, দলের শুরু থেকেই তারা উপহাস ও সমালোচনার মুখে পড়লেও মানুষের ওপর আস্থা রেখে তারা দৃঢ়ভাবে নির্বাচনী লড়াই চালিয়ে গেছে।

তিনি আরও বলেন, এই নির্বাচন পুরো ভারতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাদের ভাষায় এটি ছিল “অলৌকিক নির্বাচন”, যা এখন বাস্তবতায় রূপ নিয়েছে।

বিজয় অভিযোগ করেন, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় তাদের বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালানো হয়েছে। তবে তামিলনাড়ুর জনগণ সবসময় তাদের পাশে থেকেছে বলেও তিনি উল্লেখ করেন।

তার ভাষায়, তারা রাজনীতিতে এসেছে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এবং সেই মানুষই তাদের নিঃশর্ত ভালোবাসা দিয়ে সমর্থন করেছে।

তবে নিরঙ্কুশ জয়ের পরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের মধ্যে তার দল পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে এখনও ১০টি আসনের ঘাটতি রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ অবস্থায় ছোট দলগুলোর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্ভাব্য মিত্র হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাট্টালি মাক্কাল কাচ্চি এবং বামপন্থী দলগুলোর নাম আলোচনায় রয়েছে।

অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেত্রী খুশবু সুন্দরও বিজয়কে এনডিএ জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফলে সরকার গঠনের লক্ষ্যে থালাপতি বিজয় কোন রাজনৈতিক পথে এগোন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

সম্পর্কিত