আটকের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
 ছবি:
ছবি:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় আটক হওয়া লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধীকে আটক করা হয়। পরে কয়েক ঘণ্টা পর দিল্লির ছত্রসাল স্টেডিয়াম থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে মন্দির মার্গ থানায় রাখা হয়েছিল। পরে তাকেও মুক্তি দেওয়া হয়। এ সময় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী থানায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে সেখান থেকে ফিরে যান।

এদিকে, আগের দিন পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় আটক আরও ৭০ জনকেও মঙ্গলবার মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি সরকারি সম্পদ নষ্টের অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন বিজেপির সভাপতি নিতিন নবীন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি কালো দিন।

অন্যদিকে, গভীর রাতে জন্তর মন্তর এলাকায় পৌঁছে বিক্ষোভে যোগ দেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

এর আগে মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে জড়ো হয়ে দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশে মিছিল শুরু করেন। সেখানে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও যোগ দেন। এরপর প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বললেও কংগ্রেস নেতারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সম্পর্কিত