ওড়িশার হাসপাতালে আগুনে ১০ রোগী নিহত, ১১ কর্মী দগ্ধ

স্টাফ রিপোর্টার
 ছবি:
ছবি:

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা-এর একটি সরকারি হাসপাতালের ট্রমা সেন্টারে আগুন লেগে অন্তত ১০ জন রোগী নিহত হয়েছেন। আহত হয়েছেন হাসপাতালের ১১ জন কর্মী, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় গত রোববার রাত আড়াইটার দিকে এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে আগুনের সূত্রপাত ঘটে। দমকল কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রোগীদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেয়া হয়। সূত্রের খবর, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ট্রমা কেয়ার আইসিইউ, পাশের আইসিইউ ও কয়েকটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আহত চিকিৎসক ও নিরাপত্তা কর্মীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহত প্রত্যেক পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতের বিভিন্ন রাজ্যে আগুনের ঘটনায় হাসপাতালগুলো প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আইসিইউ, নবজাতক ইউনিট এবং অক্সিজেন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ।

সম্পর্কিত