যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক র্যালি থেকে বাংলাদেশে গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে রোববার (৩ মে) ‘নিউ ইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’র ব্যানারে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, সিনিয়র সাংবাদিকদের আটক এবং গ্রেপ্তারের মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু সাংবাদিক ও সম্পাদকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, পাসপোর্ট জব্দ করে বিদেশযাত্রা সীমিত করা হয়েছে এবং কয়েকজন সাংবাদিককে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, মিডিয়া প্রতিষ্ঠান দখল, সাংবাদিক ছাঁটাই এবং শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনা উদ্বেগজনক।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ বলেন, মামলা ও গ্রেপ্তারের আশঙ্কায় দেশের গণমাধ্যমকর্মীরা আতঙ্কে রয়েছেন, যা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
র্যালিতে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, অধ্যাপক হোসনেআরা, শহিদুল ইসলাম, আবু জাফর মাহমুদ, হাকিকুল ইসলাম খোকন, এম ফজলুর রহমান ও মোজাহিদ আনসারী।