গাজাতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দ্বীন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। এ হামলায় তার স্ত্রী ও কন্যাও প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৭ মে) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গত শুক্রবার গাজা সিটিতে পরিচালিত একটি “সুনির্দিষ্ট হামলায়” আল-হাদ্দাদ নিহত হন।
পরে হামাস এক বিবৃতিতে তাদের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। সংগঠনটি জানায়, ১৯৭০ সালে জন্ম নেওয়া আল-হাদ্দাদ তার স্ত্রী ও ১৯ বছর বয়সী কন্যার সঙ্গে নিহত হয়েছেন। হামাস তাকে যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।
শনিবার মধ্য গাজার আল আকসা মার্টার্স মসজিদে আল-হাদ্দাদ, তার স্ত্রী ও কন্যার যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।
যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও গাজায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজায় অন্তত দুটি হামলায় তিন নারী ও এক শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হন।
এছাড়া শনিবার পৃথক দুটি ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তাদের তথ্য অনুযায়ী, গাজা সিটির আল শিফা হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো হামলায় দুই ব্যক্তি নিহত হন। অন্যদিকে, জাবালিয়া শরণার্থী শিবিরে আরেকজন নিহত হয়েছেন।