দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লেমন গ্রিন রেস্তোরাঁর বেসমেন্টে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক দমকল বাহিনীর ইউনিট পাঠানো হয়। দমকল বিভাগ জানায়, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার টেন্ডার, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ অন্যান্য ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় হোটেলটিতে প্রায় ৪০ জন লোক অবস্থান করছিলেন। হোটেলটির ২৫টি কক্ষে এসব অতিথি ছিলেন, যাদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন এবং বিদেশি নাগরিক বলেও ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হোটেলের বেসমেন্টে থাকা রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কয়েকজন ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। পরে উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে সরিয়ে নেন।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ।

সম্পর্কিত