২৪ ঘণ্টায় হাম ও সন্দেহে আরও ১২ মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে মারা গেছেন আরও ১১ জন।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৯৮ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ২০৮ জন। শুধু গত ২৪ ঘণ্টাতেই নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৮৬ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ২৩৮ জন রোগী।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে।

দেশজুড়ে হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

সম্পর্কিত