তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এখন রাজনৈতিক মহলের নজর বুথফেরত জরিপের দিকে। আর এই জরিপেই সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়।
রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছেন তিনি। নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয়। তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।
নির্বাচনের আগে তার জনসভাগুলোতে বিপুল জনসমাগম দেখা যায়, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের হিসাবেও প্রভাব ফেলেছে।
বিভিন্ন বুথফেরত জরিপে ধারণা করা হচ্ছে, বিজয়ের দল প্রথম নির্বাচনে অংশ নিয়েই ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এই ফল বাস্তব হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে সব জরিপ একই চিত্র দিচ্ছে না। কিছু সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন নিয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন।
কিছু জরিপে আবার বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে। তবে কামাখ্যা অ্যানালিটিক্সসহ কয়েকটি সংস্থা তাকে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।
উল্লেখ্য, ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি, যা ব্যাপক নির্বাচনী আগ্রহের প্রতিফলন।
এখন সবার অপেক্ষা চূড়ান্ত ফলাফলের দিকে—অভিষেক নির্বাচনে থালাপতি বিজয় সত্যিই ইতিহাস গড়তে পারেন কি না, তা সময়ই বলে দেবে।