‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র রেকর্ড আয়

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাম্প্রতিক সময়ের মন্দা কাটিয়ে নতুন করে সাফল্যের আলো দেখিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে টম হল্যান্ড অভিনীত সিনেমাটি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা। এই আয়ের মাধ্যমে সিনেমাটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে।

এর আগে এই তালিকার শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সিনেমাটির উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি মার্কিন ডলার।

মাত্র তিন দিনে ৯২ কোটি ডলারের বেশি আয় করে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয় সহজেই তুলে নিয়েছে। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই এটি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে আলোচনায় এসেছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে সিনেমাটি উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর মাধ্যমে উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি।

উত্তর আমেরিকার বাজারেও শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ওই অঞ্চলে আয় করেছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার।

আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত ব্যবসা করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরও ৫৭ কোটি ২০ লাখ ডলার। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে চীন।

চীনের বাজারে উদ্বোধনী সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে ১২ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে যুক্তরাজ্যের বাজার থেকে এসেছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার কয়েক বছর পরের সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবারও পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড।

মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। অনেক সমালোচকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে টম হল্যান্ডের অন্যতম সেরা অভিনয় দেখা গেছে এই সিনেমায়।

মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি সিনেমাটির উদ্বোধনী সাফল্যকে অসাধারণ বলে উল্লেখ করেছেন। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বড় পর্দায় যেভাবে সিনেমাটি দেখার জন্য তৈরি করা হয়েছিল, দর্শক সেভাবেই এটি উপভোগ করেছেন।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ বর্তমানে এক বিলিয়ন ডলারের আয়ের মাইলফলক ছোঁয়ার দৌড়ে রয়েছে।

সম্পর্কিত