দীর্ঘ কয়েক মাস জনসম্মুখে কম দেখা যাওয়ার পর অবশেষে ভক্তদের জন্য সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, গত মাসে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করে মা হওয়ার খবরটি জানান বুবলী। পোস্টে তিনি লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে। এ সময় তিনি সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
প্রকাশিত ফটোকার্ড থেকে জানা যায়, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দেন বুবলী। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। নিজের পোস্টে তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান-কেও ট্যাগ করেন।
কয়েক মাস ধরে বুবলীকে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা কিংবা শুটিংয়ে দেখা যায়নি। এ সময় তাঁকে ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেই নতুন অতিথির আগমনের খবর জানালেন এই অভিনেত্রী।
এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর-এর জন্ম হয়। তবে সন্তান জন্মের বিষয়টি তারা ২০২২ সালে প্রকাশ্যে আনেন। এবার কন্যাসন্তান জন্মের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন বুবলী।
বুবলীর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা নবজাতক শারলিন খানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।