ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই ও ব্যবসায়ী আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর অভিযোগ শুনে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ব্যবসায়িক সুনাম ও পরিচিতির কারণে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে ডিপজল বিভিন্নভাবে তাকে হেয় করার চেষ্টা করছেন। অভিযোগে বলা হয়, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওই জিডিতে অভিযোগ করা হয়েছিল, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া একটি সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন। পাশাপাশি সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া চাওয়া হয়। তবে তদন্তে আজিজুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। কিন্তু ডিপজল ওই সম্পত্তি নিজের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন। এ ছাড়া বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ায় তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, এসব ঘটনায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।