কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানীর মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন তিনি।
জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কারিনা কায়সার জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ছিলেন। অসুস্থ অবস্থায় তার মৃত্যুতে সারা দেশ শোকাহত।
নাহিদ ইসলাম বলেন, আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার মাগফেরাত কামনা করছি। জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সবাই শ্রদ্ধার সঙ্গে কারিনা কায়সারকে স্মরণ করছে।
তিনি আরও জানান, রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনা কায়সারকে।
জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা কায়সার। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস-এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়।
অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।