বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরী।
ডলি চৌধুরী জানিয়েছেন, “আজ সকালে উনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল। সকালে নার্সরা জানান, তার শরীর ঠান্ডা। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ইলিয়াস জাভেদের চলচ্চিত্র জগতে যাত্রা শুরু ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন অভিনেত্রী শাবানা। পরবর্তী সময়ে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে সময়ের অন্যতম সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
অভিনয়ের পাশাপাশি ইলিয়াস জাভেদ একজন দক্ষ নৃত্য পরিচালকও ছিলেন। প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা থেকেই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন, পরে প্রধান চরিত্রে শতাধিক সিনেমায় অভিনয় করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নিশান’।
১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরবর্তীতে পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। ব্যক্তিজীবনে ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। তার মৃত্যুর খবরে বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।