কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি হেলাল, মহিউদ্দিন ও শাহীন আলম ওরফে শাকিলকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের ৪ নম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফুন্নাহার শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন গ্রেপ্তার তিন আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজের বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কিশোরগঞ্জ সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে গত ১৮ জুলাই নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, কারা নির্দেশ দিয়েছে এবং হত্যার উদ্দেশ্য কী ছিল—এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা বহিরাগত। ঘটনার পরপরই তাদের আটক করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার নির্দেশদাতা ও ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।