বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত সিয়াম বগুড়া সদর উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে তুহিন (১৬), শাজাহানপুর থানার ক্যান্টনমেন্ট পাড়া এলাকার হিরোর ছেলে।
এদিকে হামলার ঘটনায় সন্দেহভাজন তূর্য (২২) নামের এক যুবক এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত তুহিন ও সিয়ামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে সিয়ামের পক্ষের লোকজন সন্দেহভাজন তূর্যকে মারধর ও ছুরিকাঘাত করে বলে জানা গেছে।
বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত তুহিন পেশায় গাড়ির হেলপার।
ওসি আশিক ইকবাল জানান, পূর্ব শত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, গণপিটুনির ঘটনাও তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নিহত সিয়ামের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।