রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নির্ধারণ

স্টাফ রিপোর্টার
 ছবি: শিশু রামিসা আক্তার
ছবি: শিশু রামিসা আক্তার

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আগামী রবিবার (৭ জুন) দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন সকালেই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি আদালতে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও অভিযোগ তুলে ধরে বলেন, সোহেল রানার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তিনি স্বপ্না আক্তারের ভূমিকা উল্লেখ করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকেও তিনি কাউকে জানাননি এবং আসামিকে পালাতে সহায়তা করেছেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে তা আমলে নিয়ে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলাটি বিচারের জন্য বদলি করা হয় এবং অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়, যেখানে মোট ১৬ জন সাক্ষ্য দেন। আদালত সব প্রক্রিয়া শেষে ৭ জুন রায়ের দিন ধার্য করেন।

সম্পর্কিত