অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামীপন্থী ৬১ আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন। তিনি অভিযোগ করেন, আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ এবং মামলা পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
মাহফুজুর রহমান লিখন বিগত সময়ে কারাগারে থাকা আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারেরও দাবি জানান।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট মো. তৌহিদ এবং অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।