কারওয়ান বাজারে আধিপত্য নিয়ে মুছাব্বির হত্যা, ডিবির তথ্য

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশের নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এসব সিন্ডিকেটের মধ্যে চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জের ধরেই দিলীপ ওরফে বিনাশ মুছাব্বিরকে হত্যার নির্দেশ দেয়।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজ সিন্ডিকেটগুলো ভেঙে দিতে গোয়েন্দা পুলিশ কাজ করছে। খুব শিগগিরই এ বিষয়ে ধারাবাহিক অভিযান শুরু হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১১ জানুয়ারি জিন্নাত (২৪), আবদুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সর্বশেষ শুক্রবার নরসিংদী থেকে কথিত শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় সম্পর্কে ডিবি প্রধান বলেন, তাদের চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করা উচিত। তিনি আরও বলেন, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। চাঁদাবাজির উদ্দেশ্যে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যানারের আশ্রয় নেয়।

সম্পর্কিত