জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২১ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলার কারাবন্দি আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানকে আদালতে হাজির করা হয়। পরে আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পলক জানান, গত রবিবার প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার পথে আরেকটি গাড়ির ধাক্কায় তিনি ঘাড়ে আঘাত পান। তিনি বর্তমানে এমআরআইসহ চিকিৎসা পরীক্ষা করাতে চান বলে জানান।
তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, চিকিৎসার জন্য আদালতে আবেদন করার নির্দেশ দিয়েছেন পলক। তবে সময়ের অভাবে মঙ্গলবার আবেদন করা সম্ভব হয়নি, বুধবার আবেদন করা হবে।
এদিকে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরও দুজন আহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিদের মধ্যে কয়েকজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।