জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের অংশগ্রহণ ঠেকাতে রিটের শুনানি মুলতবি

জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের এজলাস। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের এজলাস। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন হাইকোর্ট।

বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত রোববার জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ হাইকোর্টে এ রিট আবেদন করেন। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ। এ প্রেক্ষাপটে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত ২৬ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।

অন্যদিকে জাতীয় পার্টির (আনিসুল ইসলাম মাহমুদ) অংশ এবং জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত ২৩ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এসব প্রার্থীর নাম প্রকাশ করেন।

সম্পর্কিত