ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ বারের মতো পিছিয়ে গেল।
মঙ্গলবার (৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন দাখিল করতে না পারায় সময় আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান থাকলেও নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল সম্ভব হয়নি।
এর আগে ১৭ জনকে অভিযুক্ত করে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগপত্র দাখিল করেছিল। তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নারাজি দেওয়া হয় এবং পরে আদালত মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় এবং তদন্তে একাধিক ব্যক্তি অভিযুক্ত হন।
তদন্ত সংস্থা ডিবির অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসা ও নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হতে পারে।
বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলমান রয়েছে এবং আগামী ১৭ মে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।