গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারে পুলিশের ওপর হামলা

স্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারে পুলিশের ওপর হামলার পর ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি। ছবি: সংগৃহীত
গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারে পুলিশের ওপর হামলার পর ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সময় হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল এবং কনস্টেবল হোসেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, অভিযানের লক্ষ্য ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ (৪৫)। তিনি ১৪ বছর আগে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চেয়ারম্যান গোলাপকে গ্রেপ্তারের জন্য পুলিশ তার বাড়িতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে মারধর করেন। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তবে অভিযানের সময় অভিযুক্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চেয়ারম্যান গোলাপসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত