রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে এক মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একইসঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সাত মামলায় দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে একটি মামলায় জামিন মঞ্জুর করা হয়। অন্য ছয় মামলার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতার নির্দেশনার অভিযোগসহ ৩৮টিরও বেশি মামলা রয়েছে।