প্রতারণা মামলায় আদালতের আদেশে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

স্টাফ রিপোর্টার
 ছবি: তৌহিদ আফ্রিদি
ছবি: তৌহিদ আফ্রিদি

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুপুরে তাকে কারাগারে নেওয়ার সময় উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে তৌহিদ আফ্রিদি বলেন, “আমার ছেলের জন্য দোয়া চাই।”

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান আদালতে তাকে হাজির করে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

সম্পর্কিত