চব্বিশের জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সংশ্লিষ্ট রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে মিরপুর থানার একটি মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দিয়ে রুল জারি করেন।
পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্টের জামিন বহাল রাখেন।
এদিকে হবিগঞ্জে দায়ের করা দুই মামলায় তার নতুন জামিন আবেদন এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।