বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করার পর এবার হাইকোর্টে রিট করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক।
বুধবার (১৫ এপ্রিল) তার পক্ষে অ্যাসোসিয়েটসের আইনজীবী মো. লিটন আহমেদ এই রিট দায়ের করেন।
বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।
এর আগে গত ১২ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করা হলেও কোনো সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানা গেছে।
রিটে আইন সচিব, বার কাউন্সিলের সচিব এবং ঢাকা জেলার ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, বন্দি অবস্থায় থাকায় ব্যক্তিগতভাবে মনোনয়নপত্রে স্বাক্ষরের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন। এ বিষয়ে আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।