রাজশাহীর বাগমারা উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার ভোরে উপজেলার তাহেরপুরের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন আব্দুল হালিম (২৯) ও আবু বাশার (২৭)। পুলিশ জানিয়েছে, তারা ‘সিক্স স্টার গ্রুপ’-এর সদস্য।
আটককৃতদের কাছ থেকে পাখি শিকারের বন্দুক (পয়েন্ট ২২ রাইফেল) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আসিফ রায়হান নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আটককৃতদের বাগমারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সিক্স স্টার গ্রুপ’ ২০২৪ সালের ৫ আগস্টের পর তাহেরপুর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। গ্রুপটির সদস্যরা ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় পুকুর খনন, ভাঙচুর ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে লিপ্ত ছিলেন। গত ২৮ নভেম্বর তাহেরপুর পৌরসভার যুবদলের আহ্বায়ক এসএম আরিফুল ইসলামকে লক্ষ্য করে চায়নিজ রেস্টুরেন্টে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও মারধরের ঘটনা ঘটায় তারা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, সেনাবাহিনীর অভিযানের শেষ পর্যায়ে পুলিশও সহযোগিতা করেছে। আটককৃতদের অপরাধ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মামলার পর আদালতে পাঠানো হবে।