লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) সকালে দীর্ঘ শুনানি শেষে লক্ষ্মীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈকত দাস এ রায় ঘোষণা করেন।
রায়ে চরলরেন্স এলাকার সাখাওয়াত হোসেন রাসেদের ছেলে মাহাথির হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া তার দুই ভাই রায়হান হোসেন ও আরমান হোসেনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৫ জুলাই রাতে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের সঙ্গে আসামি পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পরদিন প্রধান শিক্ষকের ভাই জহির উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার পরিচালনাকারী লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান মাহমুদ বলেন, আসামিরা নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে তার মক্কেলের ওপর হামলা চালায়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তিনজনের অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন।