বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ সর্বোচ্চ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭.৮৬ বিলিয়ন মার্কিন ডলারে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরের আমদানি-রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।
তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে বাংলাদেশের রপ্তানি ১,৭৬৪.২৩ মিলিয়ন ডলার এবং আমদানি ৯,৬২৪.১০ মিলিয়ন ডলার, ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭,৮৫৯.৮৭ মিলিয়ন ডলার বা প্রায় ৭.৮৬ বিলিয়ন ডলার।
এছাড়া পাকিস্তানের সঙ্গে ঘাটতি ৬৮১.৩০ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ২৯.৭৭ মিলিয়ন ডলার এবং আফগানিস্তানের সঙ্গে ১০.৭১ মিলিয়ন ডলার।
অন্যদিকে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য ইতিবাচক রয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, সার্ক অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং ভবিষ্যতে এই ঘাটতি কমানোর লক্ষ্যে কাজ চলমান রয়েছে।