বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় রেজল্যুশন ফার্ম গঠনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের জন্য ব্যাংকগুলোর অর্থায়নে একটি ফান্ড তৈরির সম্ভাবনা আছে।
বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন,
ব্যাংকিং খাতে কোনোভাবেই ব্যক্তি-কেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব ফেলা চলবে না। দুর্বৃত্তায়ন, অনিয়ম ও পরিবারতন্ত্রের কারণে প্রায় ৩ লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে বেরিয়ে গেছে, যা হয়তো বিদেশে পাচারও হয়েছে।
তিনি আরও বলেন,
বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে। তবে ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।
এর আগে ব্যাংক খাতে সংকট মোকাবেলায় এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকে ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। এটি গত বছরের ২২ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হয়।