পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশে চট্টগ্রামজুড়ে প্রাণচাঞ্চল্য

স্টাফ রিপোর্টার
পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে জড়ো হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ। ছবি: দৈনিক নতুনচাঁদ
পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে জড়ো হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ। ছবি: দৈনিক নতুনচাঁদ

ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম মহানগরসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে দলে দলে বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সমাবেশে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো পলোগ্রাউন্ড এলাকা। নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থলে বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনি উদ্দীপনা।

বিএনপির নেতারা বলছেন, এই বিশাল জনসমাগম জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন। পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশের মাধ্যমে নির্বাচনি মাঠে একটি শক্ত বার্তা যাবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় নতুন গতি সঞ্চার হবে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, রোববার সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার।

এদিকে মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা এবং নারীদের জন্য পৃথক ব্লক থাকবে। পুরো পলোগ্রাউন্ড মাঠকে গ্রিন জোন হিসেবে রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশাবাদী। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন বলে তিনি জানান।

সম্পর্কিত