মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৬ মে) ভোরে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং ঢাকার খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ভ্রমণের উদ্দেশে রওনা হন। রাতের দিকে তারা মাধবপুর উপজেলার সাহেববাড়ী গেট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত