জুনে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত

স্টাফ রিপোর্টার
 ছবি: সড়ক দুর্ঘটনা
ছবি: সড়ক দুর্ঘটনা

জুন মাসে দেশে মোট ৪৭২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪৩৮ জন নিহত এবং অন্তত ৫৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ৪৪ জন এবং শিশু ৫৬ জন। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এছাড়া ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

সংস্থাটি জানায়, মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি প্রাণহানি ঘটিয়েছে। ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের প্রায় ৩০.৫৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হারও ৩০.৭২ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, পথচারী নিহত হয়েছেন ৯১ জন, যা মোট নিহতের ২০.৭৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১৩ শতাংশ।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, থ্রি-হুইলার যাত্রী ১১২ জন, বাস যাত্রী ২৭ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি আরোহী ৩৭ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৫ জন এবং রিকশা ও বাইসাইকেল আরোহী ৮ জন নিহত হয়েছেন।

বিভাগভিত্তিক তথ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হন।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, দুর্বল সড়ক অবকাঠামো, অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল এবং পরিবহন খাতে শৃঙ্খলার অভাব।

দুর্ঘটনা রোধে সংস্থাটি ১২ দফা সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ ও সংশ্লিষ্ট সংস্থার সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন সরানো, দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি এবং সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

সম্পর্কিত