বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের কাদের খান (২৭) এবং দোয়ারিজারা গ্রামের লাবলু মোল্লা (৩০)। তাদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি জাফর আহমেদ জানান, মোংলা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।