চলতি বছরের এপ্রিল মাসে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে এপ্রিল মাসে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৭৯ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করা হয়েছে, তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং ফিডার রোডে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা মহানগরী, চট্টগ্রাম মহানগরী ও রেলক্রসিং এলাকাতেও দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে।