দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
গত কয়েকদিন ধরে সারাদেশে অব্যাহত বৃষ্টির পাশাপাশি টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে ভারী বর্ষণের ফলে বন্যাকবলিত এলাকাগুলোর পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
এ অবস্থায় পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে জলাবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।