ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী দুই দিনে দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও রংপুর অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পাউবো জানিয়েছে, বর্তমানে সাঙ্গু, মাতামুহুরি, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর কয়েকটির পানি আরও বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের উজান ও অভ্যন্তরীণ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সঙ্গে ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া এবং হালদা নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার কারণ হতে পারে।

এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কার কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

উত্তর-পূর্বাঞ্চলে সুরমা-কুশিয়ারা নদী ব্যবস্থার পানি আগামী তিন দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এ ছাড়া নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি নদীর পানিও বিপদসীমা স্পর্শ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিস্তা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত