আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, নোয়াখালী খাল, রহমতখালি খাল ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে সেলোনিয়া নদীর পানি কিছুটা কমেছে। এসব নদীর পানি আগামী দুই দিন আরও বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, ঘাঘট, পুনর্ভবা, টাঙ্গন, করতোয়া ও যমুনেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আপার করতোয়া নদীর পানি কমেছে। আত্রাই ও মহানন্দা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এসব নদ-নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল হতে পারে।
এদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী দুই দিন এসব নদীর পানি কমতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী এক দিন দেশের অভ্যন্তরে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং এসব এলাকার উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।